পুবের কলম ওয়েব  ডেস্ক: আসন্ন মরশুমের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও দ্বিতীয় কিস্তির টাকা জমা দিতে পারেনি শেষবারের আইলিগ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি। নির্দিষ্ট সময়রে মধ্যে টাকা জমা না দেওয়ায় আসন্ন মরশুমে ১৩টি দলকে নিয়েই আইএসএল আয়োজনের পথে এআইএফএফ। এতে গতবছর অবনমনের আওতায় পড়া মহামেডান স্পোর্টিং ক্লাবের সামনের মরশুমের আইএসএলে খেলার সম্ভাবনা আর থাকছে না বলে মনে করছেন অনেকে। 
২০২৫-২৬ মরশুমে ইন্ডিয়ান ফুটবল লিগ (আইলিগ) চ্যাম্পিয়ন হয়েছিল ডায়মন্ড হারবার এফসি। সেই সুবাদে তারা আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছিল। আইএসএল খেলার জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্রথম কিস্তির টাকা জমা দিয়েছিল। বুধবার দ্বিতীয় কিস্তির ৫৫ লক্ষ টাকা জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল।

কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে অংশগ্রহণ ফি’র দ্বিতীয় কিস্তির ৫৫ লক্ষ টাকা জমা দিতে পারেনি ডায়মন্ড হারবার এফসি। ফলে ১৩ দল নিয়েই সামনের মরশুমের আইএসএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন।
আইএসএলে অংশগ্রহনকারী ১৪টি ক্লাবকেই ১.১০ কোটি টাকার অংশগ্রহণ ফি’র দ্বিতীয় কিস্তি ১৪ আগস্টের মধ্যে ফেডারেশনকে জমা দেওয়া কথা ছিল। ডায়মন্ড হারবার এফসি’র জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছিল। কিন্তু তারা টাকা জমা দেয়নি। জামশেদপুর এফসি গোয়ার চার্চিল ব্রাদার্সের কাছে তাদের সম্পূর্ণ অংশীদারিত্ব বিক্রি করে দিয়েছে। আসন্ন আইএসএলে অংশগ্রহণের জন্য ১৪ আগস্ট পুরো ১.১ কোটি ফি জমা দিয়েছে চার্চিল ব্রাদার্স।
অংশগ্রহণ ফি বাবদ প্রথম কিস্তির ৫৫ লক্ষ টাকা জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ৩১ জুলাই জামশেদপুর এফসি আইএসএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। 
এদিকে, মহামেডান স্পোর্টিং কর্তারা ভেবেছিলেন ডায়মন্ড হারবার এফসি না খেললে তাদের সুযোগ দেওয়া হতে পারে। ফেডারেশনের কাছে এই ব্যাপারে আবেদনও করেছিলেন মহামেডান কর্তারা। কিন্তু মহামেডানের সেই আবেদনে সাড়া দেয়নি ফেডারেশন। ১৩ দলকে নিয়েই সামনের মরশুমের আইএসএলের রূপরেখা তৈরি করেছে ক্লাব জোট। মহামেডানকে ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়ে আবার আইএসএলে উঠে আসতে হবে। এই ব্যাপারে মহামেডান সচিব ওয়াসিম আক্রাম বলেন, ‘ফেডারেশন আমাদের আবেদন গ্রাহ্য করেনি।
ফলে এই মরশুমে আমাদের আইএসএলে খেলার সম্ভাবনা নেই। আমাদের আবার আইএফএল খেলে উঠে আসতে হবে।’ 
৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল এবারের আইএসএল। কিন্তু তা এক মাসেরও বেশি সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। ফিফা আন্তর্জাতিক ম্যাচ উইন্ডো রয়েছে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। এই ম্যাচ উইন্ডো শেষ হলে ৬ অক্টোবরের পর শুরু হবে ২০২৬-২৭ মরশুমের আইএসএল। এ বছর হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হবে আইএসএল।