দেবশ্রী মজুমদার:  শুক্রবারের তলবি সভার ঠিক ২৪ ঘণ্টা আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন ফায়েজুল হক ওরফে কাজল শেখ। বৃহস্পতিবার বর্ধমান ডিভিশনাল কমিশনারের নির্দেশে তাঁর ইস্তফাপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এর ফলে আজ শুক্রবারের তলবি সভা কার্যত অর্থহীন হয়ে দাঁড়াল। 
উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে হাঁসন কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই জেলা পরিষদে দেখা যায়নি কাজল শেখকে। তাঁর এই দীর্ঘ অনুপস্থিতিতে জেলার গ্রামীণ উন্নয়ন ও নাগরিক পরিষেবা ব্যহত হওয়ার কারন দেখিয়ে গত ৪ আগস্ট সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দলের ১৯ জন বিক্ষুব্ধ সদস্য।

যার নেতৃত্বে ছিলেন খয়রাশোলের তৃণমূল নেতা নবগোপাল বাউরি। পরবর্তীকালে কাজলের অপসারণের ব্যাপারে সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করলে প্রায় ৪৪ জন সদস্য কাজলের অপসারণের পক্ষেই মত দেন। যদিও কাজলের অপসারণের জন্য প্রয়োজন ছিল মাত্র ২৭ জনের সমর্থন। দেওয়াল লিখন যতই স্পষ্ট হয়, ততই শুক্রবারের ভোটাভুটির ফল দিনের আলোর মত পরিষ্কার হয়। এনিয়ে অবশ্য কাজলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।