পুবের কলম ওয়েব ডেস্ক: বাংলার অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এল পশ্চিমবঙ্গ সরকার। ‘শ্যামাপ্রসাদ মুখার্জি ক্রীড়া সহায়তা প্রকল্প’ নামে একটা নতুন প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের অধীনে ‘মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনা’র মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য পাওয়া যোগ্য অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
জাতীয় গেমস বা জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করলে প্রত্যেক দলকে এবং ব্যক্তিগত খেলার ক্রীড়াবিদকে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত দেওয়া হবে। মন্ত্রীসভার বৈঠকে এই আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে সোনা, রুপো ও ব্রোঞ্জ জয়ী ক্রীড়াবিদদেরও বড় অঙ্কের আর্থিক পুরস্কার দেবে রাজ্য সরকার। মন্ত্রী সভার বৈঠকে ঠিক হয়েছে, অলিম্পিকে সোনা জিতলে ১ কোটি, রুপো জিতলে ৭৫ লক্ষ এবং ব্রোঞ্জ জিতলে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। 
এছাড়া এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ক্রীড়াবিদরা পাবেন ৫০ লক্ষ টাকা, রুপোজয়ী পাবেন ৩০ লক্ষ এবং ব্রোঞ্জজয়ীরা পাবেন ২০ লক্ষ টাকা। বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনাজয়ীদেরও দেওয়া হবে ৫০ লক্ষ টাকা করে। রুপো জিতলে ক্রীড়াবিদরা পাবেন ৩৭.৫০ লক্ষ এবং ব্রোঞ্জজয়ীরা পাবেন ২৫ লক্ষ টাকা।
এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা, রুপো ও ব্রোঞ্জজয়ীরা পাবেন যথাক্রমে ২৫ লক্ষ, ১৫ লক্ষ ও ১০ লক্ষ টাকা।
শুধু আন্তর্জাতিক পর্যায়েই নয়, জাতীয় পর্যায়ে পদক জিতলেও আর্থিক পুরস্কার পাবেন বাংলার ক্রীড়াবিদরা। জাতীয় গেমস এবং জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনাজয়ীরা পাবেন ১০ লক্ষ, রুপোজয়ীরা ৫ লক্ষ এবং ব্রোঞ্জজয়ীরা পাবেন ৩ লক্ষ টাকা করে। শুধু ক্রীড়াবিদদেরই নয়, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজক সংস্থাগুলিকেও আর্থিক সাহায্য দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনে ১ কোটি, রাজ্য গেমস আয়োজনে ৫০ লক্ষ টাকা পাওয়া যাবে।