রাজনীতির মঞ্চে সোনিয়া গান্ধীকে ঘিরে যতই আলোচনা ও বিতর্ক থাকুক, ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই অত্যন্ত গোপনীয় থেকেছেন তিনি। এবার সেই ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে আত্মজীবনী প্রকাশ করতে চলেছেন সোনিয়া। তাঁর লেখা ‘Belonging: A Journey of Love’ আগামী ১০ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা। মঙ্গলবার প্রকাশক সংস্থা বইটির প্রচ্ছদ প্রকাশ করেছে।
বইটি প্রকাশ করছে আলফ্রেড এ নফ।
আরও পড়ুন:
আত্মজীবনী প্রকাশের খবর সামনে আসতেই সোনিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে পাঠকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এর মধ্যেই বৃহস্পতিবার রাজীব গান্ধীর জন্মদিনে বাবা-মায়ের সম্পর্কের স্মৃতি তুলে ধরে আবেগঘন পোস্ট করেছেন রাহুল গান্ধী।
এক্স হ্যান্ডলে রাহুল লেখেন, তাঁর বাবা রাজীব গান্ধী গর্বের সঙ্গে তাঁর ‘সুন্দরী সোনিয়া’র দিকে তাকিয়ে আছেন।
রাহুল আরও লেখেন, “আমি তোমাকে এবং বাবাকে একসঙ্গে শেষবার দেখেছিলাম ৩৫ বছর আগে। বাবা চলে যাওয়ার পরে অনেক ঝড়ঝাপটা বয়ে গিয়েছে। তবে তুমি কখনও সাহস এবং সম্মান হারাওনি।”
মায়ের আত্মজীবনী প্রকাশ এবং বাবার জন্মদিন—দুই ঘটনাই যেন রাহুলকে ফিরিয়ে নিয়ে গেল অতীতের স্মৃতিতে। রাজীব ও সোনিয়ার ব্যক্তিগত সম্পর্কের নানা অজানা অধ্যায় এবার বইয়ের পাতায় প্রকাশ্যে আসতে চলেছে। ফলে সোনিয়ার আত্মজীবনী ঘিরে রাজনৈতিক মহলের পাশাপাশি পাঠকমহলেও কৌতূহল তৈরি হয়েছে।