পুবের কলম ওয়েব ডেস্ক: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশের তরফে এই খবর জানানো হয়েছে। পাশাপাশি এই ঘটনায় মৃত বাকি দুজনের পরিচয়ও পুলিশের তরফে জানানো হয়েছে। তাঁরা হলেন এস এম আলিমুজ্জামান(৪৮) এবং রেপুতি সরকার(৪১)।
দু'জনেই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মহিলা শিশু-সহ ৯ ব্যক্তি নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক জানান, বুধবার রাতে জোড়াসাঁকো এলাকার নিজ বাসভবন থেকে 'শিখা ইন'-এর ইজারাদার আবু জাফরকে প্রথমে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ আধিকারিক আরও জানান, 'এছাড়া আরও দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।' তাদের মধ্যে একজন ওই এলাকার অপর একটি হোটেলের ম্যানেজার এবং অপরজন কর্মী।বুধবার দূর্ঘটনাটি ঘটে মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা বিল্ডিং-এ। যেখানে একাধিক হোটেল ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও ছিলেন। ওই বিল্ডিং-এর পরিচালিত হোটেলগুলোর মধ্যে একটি ছিল 'শিখা ইন'। যেটি দূর্ঘটনাগ্রস্থ বাড়ির তিন তলায় প্রায় ১,১০০ বর্গফুট জায়গা জুড়ে অবস্থিত ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, সেখানে পাঁচটি ছোট ঘর ছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনায় একের পর এক গাফিলতির অভিযোগ সামনে এসেছে। বহু ক্ষেত্রেই মানা হয়নি দমকলের বিধি। ঢোকা বেরোনোর জন্য সরুপথ। জরুরিকালীন ক্ষেত্রে নির্গমনের কোনও ব্যবস্থা ছিল না। পুলিশ জানিয়েছে,অগ্নিনির্বাপক সুরক্ষা বিধি লঙ্ঘন এবং আবাসিক ভবনে হোটেল পরিচালনার অভিযোগের বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) তদন্ত জোরদার করেছে।