তিন দিনের সফরে শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফর ঘিরে উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক তৎপরতা যেমন বাড়ছে, তেমনই সীমান্ত নিরাপত্তা নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তাঁর।

সফরের প্রথম দিনেই শিলিগুড়িতে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর।

সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিকাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই প্রকল্পগুলি নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এরপর শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের (এসএসবি) জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন অমিত শাহ। সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের পাশাপাশি তাঁদের কাজ ও দায়িত্বের বিষয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার কাওয়াখালি মাঠে ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে একটি প্রদর্শনীরও উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

একই জায়গায় একটি জনসভাতেও বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর। ফলে অমিত শাহের সফর ঘিরে কাওয়াখালি এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

তিন দিনের সফরে শুধুমাত্র সরকারি কর্মসূচিতেই সীমাবদ্ধ থাকছেন না অমিত শাহ। আজ এবং শনিবার বিজেপির একাধিক সাংগঠনিক বৈঠকেও অংশ নেবেন তিনি। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক প্রস্তুতি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠকে আলোচনা হতে পারে।