পুবের কলম, ওয়েবডেস্ক: অরুণাচল প্রদেশে নতুন করে চিনা অনুপ্রবেশের সমস্ত দাবি খারিজ করে সীমান্ত পরিকাঠামো উন্নয়নকে মোদী সরকারের "সর্বোচ্চ অগ্রাধিকার" বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বহু দশক ধরে অবহেলিত সীমান্ত এলাকাগুলোর নিরাপত্তা ও সংযোগ ব্যবস্থার অগ্রগতি ত্বরান্বিত করতেই বর্তমান সরকার কাজ করছে বলে তিনি সাফ জানিয়েছেন। অরুণাচল পশ্চিম কেন্দ্রের লোকসভা সাংসদ রিজিজুর এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন আপার সুবানসিরি সীমান্ত অঞ্চলে চীনা সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়া নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছিল।
 
এক্স-এ এক পোস্টে কিরেন রিজিজু লেখেন, সীমান্ত এলাকাগুলোর ভৌগোলিক পরিবেশ কঠিন হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার সীমান্ত এলাকার উন্নয়নে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, "পরিকাঠামো কাজের গতি বাড়াতে আমি নিজেই অরুণাচল প্রদেশের মাযা, গ্যালেমো এবং তাকসিং এলাকা পরিদর্শন করেছি। অতীতে সীমান্ত এলাকাগুলোকে অবহেলা করা হয়েছিল, কিন্তু বর্তমানে এটি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।"
 
সীমান্ত পরিকাঠামো নিয়ে কথা বলতে গিয়ে ইউপিএ আমলের প্রতিরক্ষা মন্ত্রী এ. কে. অ্যান্টোনির ২০১৩ সালের একটি পুরনো বক্তব্যের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন রিজিজু। ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর লোকসভায় দাঁড়িয়ে অ্যান্টনি স্বীকার করেছিলেন যে স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে ভারতের নীতিই ছিল "সীমান্তের পরিকাঠামো উন্নয়ন না করাই সেরা প্রতিরক্ষা"।