ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে নাম বাদ পড়া এবং এসআইআর সংক্রান্ত জটিলতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে তিন দিনের গণঅবস্থান কর্মসূচির ডাক দিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। শেষ পর্যন্ত গণঅবস্থান কর্মসূচির অনুমতি পেল রাজ্য জমিয়ত। আগামী ২৬, ২৭ ও ২৮ আগস্ট (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। রাজ্য জমিয়তের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছেন, জমিয়তের রাজ্য কার্যালয় থেকে মুফতি বাহাউদ্দিন এবং মাওলানা আবদুল হান্নান লালবাজারে জয়েন্ট সিপি-র দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেওয়ার পর পুলিশের পক্ষ থেকে এই কর্মসূচির লিখিত অনুমতি মিলেছে।
আরও পড়ুন:
তিনি জানান, প্রতিদিন বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শান্তিপূর্ণ অবস্থান চলবে।
পুলিশ-প্রশাসনের দেওয়া শর্ত অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ ৫০০ জন বিক্ষোভকারী এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। মেট্রো চ্যানেল অথবা রানি রাসমণি রোডের দিকে মুখ করে এই অবস্থান মঞ্চ তৈরি করা হবে। তবে উত্তর দিকে কোনওভাবেই মঞ্চের মুখ থাকবে না। পুরো কর্মসূচিটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জমিয়তের নিজস্ব ভলান্টিয়ার টিম থাকবে, যারা যান চলাচল ও পার্কিং ব্যবস্থার ক্ষেত্রে পুলিশের সাথে সমন্বয় বজায় রাখবে।আরও পড়ুন:
জমিয়ত নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং দল-মত, ধর্ম-বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সকল ভুক্তভোগী মানুষের অধিকার রক্ষার লড়াই।
যাঁদের নাম কোনও সদুত্তর ছাড়াই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বা যাঁরা এসআইআর সংক্রান্ত সমস্যায় পড়েছেন, তাঁদের এই অবস্থানে সামিল হতে এবং আইনি সহায়তার জন্য যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আসন্ন ২০২৭ সালের জনগণনা নিয়ে মানুষকে সচেতন করতে এবং যাতে কেউ তালিকা থেকে বাদ না পড়েন, সেই বিষয়েও এই অবস্থান মঞ্চ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।আরও পড়ুন:
কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খল করার আহ্বান জানিয়ে নেতৃত্ব জানিয়েছেন, প্রশাসনের সমস্ত নিয়ম মেনেই টেন্ট ও মাইক ব্যবহার করা হবে। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণভাবে নিয়ম মেনে উপস্থিত হওয়া ও ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। কোন জেলা থেকে কতজন অংশ নেবেন, সে বিষয়ে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে শীঘ্রই বিস্তারিত গাইডলাইন দেওয়া হবে।