পুবের কলম ওয়েব ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্র সংগঠনগুলির মধ্যে চলমান সংঘর্ষের আবহে এবার কড়া হুঁশিয়ারি দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি সাফ জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি কোনো দেশবিরোধী স্লোগান ওঠে, তবে সেখানে ফের সার্জিক্যাল স্ট্রাইক করবে এবিভিপি। তিনি জানান যে, সম্প্রতি ইন্দোরে থাকায় ঘটনার সব বিস্তারিত তিনি জানেন না, তবে দেশবিরোধী কাজ কিছুতেই বরদাস্ত করা হবে না। এই প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, পূর্বতন শাসকদল তৃণমূলই এই দেশবিরোধীদের মদত দিয়ে এসেছে।
আগামী ছ'মাস অপেক্ষা করলে অনেক কিছু দেখা যাবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।আরও পড়ুন:
উল্লেখ্য, গত বুধবার রাতে অরবিন্দ ভবনে বাম ছাত্র সংগঠন ফেটসুর একটি বৈঠক চলাকালীন এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। এরপর দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং আহত হন বেশ কয়েকজন এবিভিপি সদস্য। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার এসএফআই এবং এবিভিপি—উভয় পক্ষই পালটা কর্মসূচি গ্রহণ করলে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর চরম উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুন:
এই অশান্তির আবহেই বৃহস্পতিবার যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কোনোভাবেই রাষ্ট্রবিরোধী কার্যকলাপের আখড়া হতে দেওয়া হবে না। আমরা প্রথমে দেশের নাগরিক, তাই দেশের হয়ে কথা বলতে হবে। ক্যাম্পাসে আজাদি বা ইনশাআল্লার মতো স্লোগান মেনে নেওয়া হবে না বলেও সাফ জানিয়েছিলেন তিনি। বিধায়কের সেই মন্তব্যের পর এবার খোদ মন্ত্রীর সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও তপ্ত হয়ে উঠল।