পুবের কলম, ওয়েবডেস্ক: স্কুল হোমওয়ার্ক না করায় শিক্ষকের থাপ্পড়ে শ্রেণীকক্ষেই প্রাণ হারাল ছয় বছরের এক ক্ষুদে পড়ুয়া। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের 'ওয়ান টাউন' এলাকার লিটল গার্ডেন স্কুলে। মৃত ছাত্রের নাম প্রণয় তেজা। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত প্রণয় ইউকেজির ছাত্র এবং সে কৃষ্ণা প্রসাদ ও সাই লক্ষ্মী দম্পতির সন্তান।
ঘটনার খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়েন শিশুটির পরিবার ও আত্মীয়স্বজনরা। দোষী শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি শাস্তির দাবিতে তাঁরা স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রণয়ের বাবা কৃষ্ণা সংবাদমাধ্যমকে জানান, তাঁর ছেলের কোনো শারীরিক অসুস্থতা ছিল না। তিনি বলেন, "আমার ছেলে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিল। বুধ ও বৃহস্পতিবার সকাল পর্যন্ত তার কোনো শারীরিক সমস্যা ছিল না। বৃহস্পতিবার ও স্কুলে যেতে চাইছিল না, কিন্তু বুঝিয়ে পাঠাই। পরে স্কুল থেকে ফোন আসে। আমি সিসিটিভি ফুটেজে দেখেছি যে শিক্ষিকা তাকে বকাঝকা করার পর গায়ে হাত তোলেন এবং শিশুটি মাটিতে পড়ে যায়।"