পুবের কলম ওয়েব ডেস্কঃ মর্মান্তিক ঘটনা ঘটল মহরাষ্ট্রের পুণে শহরের একটি বহুতলে। খেলতে খেলত লিফটে উঠে পড়েছিল ৭ বছরের এক শিশু। কিন্তু সেই লিফটই কেড়ে নিল শিশুর প্রাণ। লিফটের দুটি দরজার মাঝে আটকে যায় শিশুটি। কোনভাবেই সে নিজেকে মুক্ত করতে পারেনি। আর তাতেই শেষ পর্যন্ত দমবন্ধ হয়ে মৃত্যু হল শিশুটির।

এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। 

জানা যায়, দুর্ঘটনাটি ঘটেছে পুনের সিনহগড় রোড সংলগ্ন নিম্বাজনগর এলাকার রিদ্ধি সিদ্ধি অ্যাপার্টমেন্টে। ওই শিশুর নাম শিবাংশ শৈলে ধুত। শিশুটি খেলছিল। সেই সময় লিফটে উঠে খেলার ছলেই সে একসঙ্গে বেশ কয়েকটি বোতাম টিপে দেয় আর তাতেই ঘটে বিপত্তি। লিফটে প্রবেশের জায়গায় মাঝখানে দাঁড়িয়ে থাকায় শিশুটিকে দুদিক থেকে দরজা এসে চেপে ধরে।

সে নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। স্বয়ংক্রিয়ভাবে ওঠা-নামা করতে শুরু করে লিফটটি । তখন মৃত্যুর সঙ্গে লড়াই করছিল শিবাংশ। অন্যদিকে, ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরেই নিখোঁজ থাকে সে। পরিবারের লোকজন তখন তাকে খুঁজতে শুরু করে। আবাসনের বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করেন আবাসনের অন্যান্য বাসিন্দারা।
শেষ পর্যন্ত স্থানীয়দের চোখ পড়ে লিফটের দরজায়। তখন তারা দেখতে পান লিফটের দরজায় আটকে রয়েছে শিবাংশ। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিতসিক্রা মৃত ঘোষণা করেন। ঘটনায় শকের ছায়া নেমে আসে পরিবারে। সোমবারের এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। লিফটের যান্ত্রিক ত্রুটি নাকি  রক্ষণাবেক্ষণে গাফিলতি ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।