পুবের কলম ওয়েবডেস্কঃ সোমবার দিনের শুরুতেই মহারাষ্ট্রের থানেতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি সিমেন্টবাহী গাড়ি ও একটি যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি ধাক্কায় অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও তিনজন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন:
মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, সোমবার প্রায় সাড়ে এগারোটা নাগাদ থানের একটি সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দুটি গাড়ির মধ্যে প্রবল সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, উদ্ধারকারী দল এবং চিকিৎসকরা। সেখান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং মৃতদের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি ভ্যান সেতুর উপর উঠতেই বিপরীত দিক থেকে আসা সিমেন্ট মেশানোর বড় গাড়িটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ভ্যানের মধ্যে থাকা ৯ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত তিনজনের চিকিৎসা চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।আরও পড়ুন:
এদিকে রবিবার রাতেও আরেকটি মারাত্মক দুর্ঘটনার খবর এসেছে উত্তরপ্রদেশ থেকে। বিয়েবাড়ি থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও সাতজন।
ধৌলানা-গুলাবতী সড়কের উপরেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের গায়ে সজোরে ধাক্কা মারে বাসটি। প্রবল শব্দ শুনে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে পুলিশ এসে যাত্রীদের উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা এখনও চলছে।