পুবের কলম ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর দেশজুড়ে সরকারি স্কুলের দশা ফেরাতে ময়দানে নেমেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার রাজস্থানের জয়পুরের রামপুরা-কানওয়ার গ্রামে একটি সরকারি স্কুল পরিদর্শনে যান দলের নেতারা। কিন্তু স্কুল চত্বরে পৌঁছতেই তাঁদের প্রবল বাধার মুখে পড়তে হয়। স্থানীয়দের সঙ্গে বচসা থেকে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সিজেপি কর্মীদের ওই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং তাঁদের গাড়ির কাঁচও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সিজেপি-র কো-কনভেনর আশুতোষ রাঙ্কার দাবি, স্থানীয় গ্রামবাসীরা নন, বরং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। তিনি জানান, গোয়ালঘরে পড়ুয়াদের ক্লাস করানো হচ্ছিল। সেই বেহাল পরিস্থিতি দেখতে যাওয়ার 'অপরাধে'ই তাঁদের উপর চড়াও হয়ে নকশাল ও জঙ্গি তকমা দেওয়া হয়। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এই ঘটনায় রাজস্থান পুলিশের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজ্যের বিরোধী দলনেতা তিকা রাম জুলিও হামলার তীব্র নিন্দা করেছেন।
তবে স্থানীয়দের পালটা দাবি, তাঁরা ভেবেছিলেন সিজেপি নেতারা ২০-২৫ জন পড়ুয়ার ওই স্কুলটি ভেঙে ফেলতে এসেছেন। সেই আশঙ্কা থেকেই তাঁদের গ্রাম থেকে তাড়ানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি সিজেপি রাজস্থানের বিভিন্ন সরকারি স্কুল পরিদর্শনের কথা ঘোষণা করেছিল। দলের দাবি ছিল, স্থানীয়দের অনুরোধেই এই পদক্ষেপ। এরপরই রাজস্থান সরকার কড়া নির্দেশিকা জারি করে জানায়, প্রধান শিক্ষকের আগাম অনুমতি ছাড়া কোনও বহিরাগত স্কুল চত্বরে প্রবেশ করতে পারবেন না। সেই সরকারি নির্দেশিকা সত্ত্বেও শুক্রবার ওই স্কুলে পরিদর্শনে গিয়ে এই চূড়ান্ত অশান্তির মুখে পড়েন সিজেপি নেতারা।