উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা দীর্ঘ দিন ধরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা না পড়ার অভিযোগ তুলে বহড়ু বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন কয়েকশো মহিলা। শুক্রবার দুপুরে জয়নগর ১ নম্বর ব্লকের বহড়ু বিডিও অফিসের সামনে মহিলাদের এই ব্যাপক বিক্ষোভকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে তাঁরা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মাসের পর মাস পেরিয়ে গেলেও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকছে না। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করা হলেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ তাঁদের।

শেষ পর্যন্ত ক্ষুব্ধ মহিলারা এদিন একত্রিত হয়ে বিডিও অফিসের সামনে জড়ো হয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিডিও অফিস চত্বরে পুলিশ মোতায়েন করা হয়। প্রশাসনের তরফে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা বিস্তারিতভাবে শোনা হয়। জয়নগর ১ নম্বর ব্লকের বিডিও শুভদীপ দাস উপস্থিত মহিলাদের আশ্বস্ত করে জানান, অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা যাতে প্রকৃত উপভোক্তারা নিয়মিত পান, সে বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়টি সার্ভে করে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাসও দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনেক ক্ষেত্রে অনলাইন ও অফলাইন নথিতে ভুল বা তথ্যের অসঙ্গতির কারণে উপভোক্তাদের টাকা পেতে সমস্যা হচ্ছে। সেই সমস্ত তথ্য খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রশাসনের আশ্বাসের পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দীর্ঘ দিন ধরে প্রকল্পের টাকা না পাওয়ায় ক্ষোভ এখনো রয়েছে বিক্ষোভকারী মহিলাদের মধ্যে। তাঁদের দাবি, দ্রুত সমস্যা সমাধান করে বকেয়া টাকা তাঁদের অ্যাকাউন্টে জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে।