পুবের কলম, ওয়েবডেস্ক: ককরোচ জনতা পার্টির চালানো ‘স্কুল ঠিক করো’ অভিযানের অংশ হিসেবে মহারাষ্ট্রের লাতুর জেলার ঔসা এলাকার একটি জেলা পরিষদ স্কুলে পরিদর্শনে গিয়ে বিস্ফোরক দাবি তুললেন অভিজিৎ দিপকে। সিজেপি প্রতিষ্ঠাতার অভিযোগ, তাঁর পরিদর্শন চলাকালীন ওই জেলা পরিষদ স্কুলে ভিড় দেখাতে অন্য স্কুল থেকে শিক্ষার্থীদের এনে শ্রেণীকক্ষে বসিয়ে রাখা হয়েছিল। এমনকি স্কুল প্রাঙ্গণে বেআইনি কার্যকলাপের প্রমাণ হিসেবে মদের বোতলও খুঁজে পাওয়ার দাবি করেছেন তিনি।
মুম্বাই থেকে ৫০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত ওই স্কুলে পানীয় জলের চরম অভাব ছিল এবং তাঁর পৌঁছানোর ঠিক আগেই তড়িঘড়ি শৌচাগার পরিষ্কার করা হয়েছিল বলে সংবাদমাধ্যমের কাছে দাবি করেন দিপকে। নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করা পরিদর্শনের একটি ভিডিওতে তিনি জানান, তাঁর আসার খবর পেয়ে মিড-ডে মিলের জন্য নতুন থালা বাসন আনা হয়েছিল।
সিজেপি প্রতিষ্ঠাতার দাবি করেন, পরিদর্শনের ছবিগুলো প্রমাণ করে যে স্কুলের সীমানার ভেতরে অসামাজিক ও বেআইনি কর্মকাণ্ড চলেছে, যার স্পষ্ট প্রমাণ সেখানে পাওয়া মদের বোতল। এদিকে ককরোচ জনতা পার্টির প্রধানের সমস্ত দাবি উড়িয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক বালাজি গাওয়ালি জানান, একই ভবনে দুটি পৃথক স্কুল পরিচালিত হয়— একটি মারাঠি মাধ্যম এবং অন্যটি উর্দু মাধ্যম। ক্লাসে উপস্থিত শিশুরা ওই স্কুলেরই নিবন্ধিত শিক্ষার্থী।