পুবের কলম ওয়েব ডেস্ক: দৃষ্টিশক্তি হারিয়েও প্রযুক্তির সাহায্যে যেন নতুন করে পৃথিবী দেখার সুযোগ পেয়েছে মিশরের ১৬ বছরের কিশোরী কারেন মোরাদ। তাঁর ভাই মার্ক মোরাদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ‘স্ক্রাইবমি’ নামের একটি অ্যাপ দৃষ্টিহীন মানুষকে চারপাশের দৃশ্য, বস্তু ও মানুষের গতিবিধি শধের মাধ্যমে বুঝতে সাহায্য করছে।
পাঁচ বছর আগে দৃষ্টিশক্তি হারানো কারেন গত জুনে কেনিয়ায় ছুটিতে গিয়ে অ্যাপটির সাহায্যে সাফারি উপভোগ করেন। স্মার্ট চশমার সঙ্গে যুক্ত অ্যাপটি আশপাশের প্রাণী, তাদের দূরত্ব ও গতিবিধি সম্পর্কে তাঁকে তাৎক্ষণিকভাবে জানায়। কারেনের কথায়, অসম্ভব মনে হলেও অ্যাপটির মাধ্যমে তিনি সত্যিই যেন দেখতে পেয়েছেন।


কারেনের ভাই ২০ বছরের মার্কও দৃষ্টিহীন। ২০১৮ সালে তাঁর দৃষ্টিশক্তির সমস্যা শুরু হয় এবং পরে জানা যায়, বিরল ও নিরাময়-অযোগ্য এক স্নায়ুরোগের কারণে ধীরে ধীরে তিনি দৃষ্টিশক্তি হারাবেন। ২০২১ সালের শেষ নাগাদ দুই ভাই-বোনই পুরোপুরি দৃষ্টিহীন হয়ে যান।

পড়াশোনার সময় মার্ক সবচেয়ে বেশি সমস্যায় পড়তেন। প্রচলিত পর্দা-পাঠক প্রযুক্তি ছবি, চার্ট, সমীকরণ বা জটিল নকশা বুঝিয়ে বলতে পারত না।

বিদেশি প্রযুক্তিবিদদের সাহায্য চেয়েও সাড়া না পেয়ে ইউটিউব দেখে নিজেই কোডিং শেখেন। ২০২৩ সালের মধ্যেই তৈরি করে ফেলেন অ্যাপটির প্রাথমিক সংস্করণ।

পরবর্তী সময়ে প্রযুক্তি প্রতিযোগিতায় স্বীকৃতি পাওয়ার পাশাপাশি সহ-প্রতিষ্ঠাতা যুক্ত হওয়ায় ‘স্ক্রাইবমি’ আরও উন্নত হয়। বর্তমানে এটি ১৪০টি দেশে হাজারো মানুষ ব্যবহার করছেন এবং ২০টি ভাষায় কাজ করে। মোবাইল ফোনের পাশাপাশি স্মার্ট চশমাতেও ব্যবহার করা যায়।
কারেনের ক্ষেত্রে অ্যাপটি শ্রেণিকক্ষ খুঁজে পাওয়া, দোকান চেনা, পোশাক বাছাই এমনকি পড়াশোনাতেও সাহায্য করছে। মার্কের পরিবারের বিশ্বাস, প্রযুক্তির হাত ধরে অসম্ভবকেও সম্ভব করা যায়।