পুবের কলম ওয়েব ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম। কিন্তু মাত্র পাঁচ মাসের মধ্যেই মোহভঙ্গ হল তাঁর। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আইএসএফ থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন তিনি। ওই পোস্টে দলের বিরুদ্ধে 'স্বৈরাচারী' ও 'একনায়কতন্ত্র'-এর অভিযোগ তুলেছেন আরাবুল।

তিনি জানিয়েছেন, আইএসএফের লোকজন ভাঙড় জুড়ে সাধারণ মানুষের উপর যে অত্যাচার ও অনাচার চালাচ্ছে, তার প্রতিবাদেই তিনি দল ছাড়ার এই সিদ্ধান্ত নিয়েছেন।

আরাবুলের এই ঘোষণার পর তিনি ফের পুরনো দল তৃণমূলে ফিরবেন কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের সঙ্গে আরাবুলের দীর্ঘদিনের সম্পর্ক বরাবরই ওঠানামায় ভরা। অতীতে এক কলেজ শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারার মতো গুরুতর অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

তবে পরে সাসপেনশন তুলে নিলে তিনি দলে ফিরে ভাঙড়ে নিজের আধিপত্য কায়েম করেন। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সঙ্গে তাঁর দ্বন্দ্বও সর্বজনবিদিত। 

বছর তিনেক আগে পঞ্চায়েত ভোটে অশান্তি ছড়ানোর অভিযোগে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। এরপর তৃণমূলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন, এমন দাবি করেই তিনি নওশাদের আইএসএফে যোগ দিয়েছিলেন। এবার সেই দল থেকেও ইস্তফা দেওয়ার পর আরাবুল রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন নাকি ফের জোড়াফুল শিবিরে ফিরবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে।