পুবের কলম ওয়েব ডেস্ক: বাদল অধিবেশনে আসন পুনর্বিন্যাস বিল পেশ না হওয়ার পরেই গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। সূত্রের খবর, এই বৈঠকে তিনি দাবি জানিয়েছেন যে, জনসংখ্যা নিয়ন্ত্রণের সাফল্যের কারণে আসন পুনর্বিন্যাসে কোনও রাজ্যের প্রতিনিধিত্ব যেন না কমে, কেন্দ্রকে সেই গ্যারান্টি দিতে হবে। এই সাক্ষাতের পরেই দীর্ঘদিনের বিরোধিতা ভুলে বিজয় আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন জানাতে পারেন বলে জাতীয় রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে।

এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছে ডিএমকে এবং এডিএমকে। ডিএমকে-র প্রশ্ন, ঘনঘন অবস্থান বদলানো বিজয়কে কি এবার রাহুল গান্ধী ‘গদ্দার’ তকমা দেবেন?

অন্যদিকে, এডিএমকে মনে করিয়ে দিয়েছে, সম্প্রতি বিজয়ের উদ্যোগেই তামিলনাড়ু বিধানসভায় আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে এবং লোকসভায় ৫৪৩টি আসন বজায় রাখার পক্ষে একটি বিশেষ প্রস্তাব পাশ হয়েছিল। ফলে এখন তাঁর এই সুর নরম করার কোনও যুক্তি নেই।

আসন পুনর্বিন্যাস বিল নিয়ে প্রথম থেকেই বিজয়ের দল টিভিকে কড়া বিরোধী অবস্থানে ছিল। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই বিলের বিষয়ে তাদের বর্তমান অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিজয়ের এই পদক্ষেপ আসন পুনর্বিন্যাস নিয়ে তামিলনাড়ুর রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ও প্রশ্নের সৃষ্টি করেছে।