পুবের কলম ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার ঘোষিত 'অন্নপূর্ণা যোজনা'-র টাকা না পাওয়াকে কেন্দ্র করে শুক্রবার উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বিক্ষোভ দেখালেন মহিলারা। উপভোক্তাদের অভিযোগ, সমস্ত নথিপত্র জমা দেওয়া এবং আবেদন অনুমোদিত হওয়ার পরেও তাঁদের অ্যাকাউন্টে প্রতিশ্রুত ৩ হাজার টাকা ঢোকেনি। মুখ্যমন্ত্রীর দেওয়া ২০ তারিখের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
এদিন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দফতরে বৈঠক চলাকালীন মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিস্থিতি সামাল দিতে তিনি পূর্বনির্ধারিত বৈঠক ছেড়ে নীচে নেমে আসেন এবং মহিলাদের অভাব-অভিযোগ শোনেন।

তিনি আশ্বাস দেন যে, যাচাই প্রক্রিয়ায় কেন সমস্যা হয়েছে তা তিনি খতিয়ে দেখবেন। পাশাপাশি, এসডিও বা বিডিও অফিসে সঠিক নথিপত্র জমা দেওয়ার পরামর্শ দেন মন্ত্রী।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বিরাটিতে রেললাইনে নেমে অবরোধ করেন কয়েকশো মহিলা। এর জেরে দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ শিয়ালদহগামী ডাউন লোকাল ট্রেন দাঁড়িয়ে যায় এবং এক ঘণ্টারও বেশি সময় ওই শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। হাবড়াতেও পুরসভা এবং রেললাইনে বিক্ষোভ দেখানো হয়।

কলকাতাতেও ছড়িয়ে পড়ে বিক্ষোভের আঁচ। ফুলবাগান থানার সামনে এবং বেহালা চৌরাস্তায় রাস্তা অবরোধ করেন মহিলারা, যার জেরে যানজটের সৃষ্টি হয়।

এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে এই একই ছবি দেখা গিয়েছে। আলিপুরদুয়ারের ধূপগুড়িতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। পাশাপাশি বাঁকুড়ার বিষ্ণুপুর ও বড়জোড়া, মালদহের হরিশ্চন্দ্রপুর এবং হুগলির চণ্ডীতলাতেও বিডিও ও মহকুমাশাসকের দফতরে বিক্ষোভ এবং পথ অবরোধ করেন ক্ষুব্ধ মহিলারা। তাঁদের একটাই দাবি, বারবার হয়রানি বন্ধ করে যোগ্য উপভোক্তাদের সকলকেই দ্রুত টাকা প্রদান করতে হবে।