পুবের কলম ওয়েব ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর নির্বিচারে হামলায় প্রাণহানি বেড়ে ৭৩,৪১৭ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ ফিলিস্তিনি নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত দৈনিক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও ইসরাইলি বাহিনী নিয়মিত গোলাবর্ষণ ও গুলিবর্ষণের মাধ্যমে তা ক্রমাগত লঙ্ঘন করে চলেছে।

এর ফলে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ১,২৮৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৪,২৪৮ জন।
সাম্প্রতিক হামলায় গাজা সিটির মিউনিসিপ্যাল পুলিশ হেডকোয়ার্টারে বিমান হামলায় একটি শিশুসহ ৯ জন নিহত হন। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, প্রতিদিন মানুষ প্রাণ হারালে কেমন যুদ্ধবিরতি চলছে?
হামাস যুদ্ধবিরতির পরবর্তী ধাপ মেনে নিলেও ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্যদিকে, দীর্ঘ এই আগ্রাসনে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং অঞ্চলটির পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার খরচ হবে বলে অনুমান করছে রাষ্ট্রসংঘ।