পুবের কলম ওয়েব ডেস্ক: ২০১৫ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি। ১১ বছর অবসর জীবন কাটানোর পর আবারও পেশাদার ফুটবলে ফিরতে চলেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার হয়ে শীঘ্রই মাঠে নামবেন তিনি। নতুন ক্লাবে যোগ দিতে এ দিন ব্যক্তিগত বিমানে ইতালির ফরলি বিমানবন্দরে পৌঁছন ব্রাজিলকে ২০০২ সালে বিশ্বকাপ ট্রফি এনে দেওয়া এই তারকা ফুটবলার।
রাতে বিশেষ এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির সমর্থকদের সামনে রোনাল্ডিনহোকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন ক্লাব সভাপতি।বৃষ্টি উপেক্ষা করে ক্লাবের হাজার হাজার ভক্ত ভিড় জমান রোনাল্ডিনহোকে একনজর দেখার জন্য। রাভেনা ক্লাবের শেয়ারহোল্ডার হিসেবেও যুক্ত হচ্ছেন তিনি। নয়া ক্লাবে আইকনিক ১০ নম্বর জার্সি পাচ্ছেন রোনাল্ডিনহো। নতুন এই ইনিংস শুরুর পর কেরিয়ারের ৩০০তম গোলের মাইল ফলক স্পর্শ করার স্বপ্ন বুনছেন প্রাক্তন পিএসজি ও বার্সেলোনার তারকা এই ফুটবলার। নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত রোনাল্ডিনহো বলেন, ‘পুরানো বন্ধুদের সঙ্গে এখানে আসতে পেরে দারুণ লাগছে। মাঠে আমাকে নামানো হবে কি না, তা কোচই ভালো বলতে পারবেন। তবে ইতালিতে ফিরতে পেরে দুর্দান্ত লাগছে, আমি সতীর্থদের জেতাতেই এসেছি। আমার ফিটনেস নিয়ে সমস্যা নেই, শতভাগ ফিট আছি।’