পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দফতরে পুরসভা সংক্রান্ত একটি প্রশাসনিক বৈঠক চলাকালীন একদল মহিলা নীচে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা না পাওয়ার অভিযোগে এই বিক্ষোভ চলছিল। খবর পেয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তড়িঘড়ি বৈঠক ছেড়ে নীচে নেমে আসেন এবং ওই মহিলাদের অভাব-অভিযোগ শুনে তাঁদের আশ্বস্ত করেন।
আরও পড়ুন:
এই ঘটনার পর মন্ত্রী অভিযোগ করেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে এই গন্ডগোলের পিছনে পূর্বতন শাসকদল তৃণমূলের হাত রয়েছে। তাঁর দাবি, প্রশাসনের ভিতরে থাকা তৃণমূলের কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের এই সুবিধা পাইয়ে দিচ্ছে, আর সে কারণেই যোগ্যরা ক্ষুব্ধ হচ্ছেন।
পুরো বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাবেন বলে জানিয়েছেন। এর আগে শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়িও ঠিক একই অভিযোগ করেছিলেন।আরও পড়ুন:
প্রায় ২ কোটি মহিলার আবেদনপত্র আপলোড করতে কিছুটা সময় লাগবে জানিয়ে মন্ত্রী মহিলাদের একটু ধৈর্য ধরার অনুরোধ করেছেন। উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে শুক্রবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় মহিলারা বিডিও অফিস ও পুরসভায় বিক্ষোভ দেখান। এমনকি বেশ কিছু জায়গায় রেল অবরোধের মতো ঘটনাও ঘটে। এদিন মূলত পশ্চিম মেদিনীপুরের ছ'টি পুরসভার আলো, রাস্তা, নিকাশি ও শৌচাগারের মতো বিভিন্ন নাগরিক পরিষেবা উন্নয়নের বিষয়ে আলোচনা করতেই ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল।