পুবের কলম ওয়েব ডেস্ক: ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের মাঝেই আসন্ন ভারত-আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজের সূচি পরিবতর্ন করার জন্য আবেদন করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত, এই সিরিজটি ভারতের মাটিত হলেও, এটি আফগানদের ‘হোম’ সিরিজ হিসেবে গণ্য করা হবে। ম্যাচ তিনটি হওয়ার কথা রয়েছে দিল্লির অরুণ জেঠলি স্টেডিয়ামে। দেশের মাটিতে খেলার সুযোগ না থাকায়, রশিদ খানরা সংযুক্ত আরব আমিরশাহি বা ভারতে ‘হোম’ ম্যাচ খেলে থাকে।
ভারত-আফগানিস্তানের মধ্যে তিনটি টি-২০ ম্যাচ হওয়ার কথা রয়েছে যথাক্রমে ১৩, ১৫ এবং ১৭ সেপ্টেম্বর। সেই সূচিতে কিছু বদল আনতে চেয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিসিসিআইয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
এখন ভারত-আফগানিস্তান সিরিজ এগিয়ে এলে সুবিধা বিসিসিআইয়ের। সেক্ষেত্রে বাংলাদেশ সফরের জন্য সময় পাওয়া যাবে। সূচি নিয়েও জট কাটতে পারে। সূচি অনুযায়ী, আগামী ৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে গিয়ে লিটন দাসদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। সেই অনুযায়ী ভারত-বাংলাদেশ সিরিজের আর বাকি রয়েছে ২ সপ্তাহ। কিন্তু বিসিসিআই এখনও সিরিজের কথা নিশ্চিত করেনি। এই সফর নির্ভর করছে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতির উপর।
এখন ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক যে স্তরে রয়েছে, তার উপর ভিত্তি করে বোর্ড নিজে থেকে এই সিরিজ নিয়ে নিজে কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না।
ভারত-বাংলাদেশ সফর প্রথমে হওয়ার কথা ছিল গত বছরের আগস্ট মাসে। পরে তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টম্বর মাসে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি। বিসিবি সভাপতি হওয়ার পরে তামিক ইকবাল এই সিরিজ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, দু’দেশের বোর্ডের মধ্যে আলোচনা চলছে এবং সিরিজ আয়োজনের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি।
উল্লেখ্য, ২৭ আগস্টে শেষ হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুভমান গিলদের চলতি টেস্ট সিরিজ। ২৪ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেম। এই সময়ের মধ্যে আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের সিরিজ হওয়ার কথা রয়েছে।