পুবের কলম ওয়েব ডেস্ক: ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার যাবতীয় প্রচেষ্টা যখন থমকে রয়েছে, ঠিক তখনই ইরান যুদ্ধে আহত মার্কিন সেনাদের নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করল পেন্টাগন। বুধবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের তথ্যভান্ডার হালনাগাদ করার পর দেখা যায়, গত কয়েক দিনে নতুন করে আরও ৫০ জনের বেশি সেনা আহত হয়েছেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে এখনও পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন।

ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালিসিস সিস্টেমের 'ওভারসিজ অপারেশন্স' এবং 'অপারেশন এপিক ফিউরি'-র রেকর্ড মিলিয়ে এই পরিসংখ্যান পাওয়া গিয়েছে।

গত মাসে পেন্টাগন তাদের তথ্যভান্ডারে 'ওভারসিজ অপারেশন্স' নামে একটি নতুন বিভাগ তৈরি করে, যেখানে ৭ জুলাই থেকে হতাহত হওয়া সেনাদের তথ্য নথিভুক্ত করা শুরু হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, এই ৭ জুলাই তারিখেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ওয়ার পাওয়ার্স অ্যাক্টের আওতায় কংগ্রেসকে ইরানের বিরুদ্ধে নতুন পর্যায়ের সংঘাতের কথা জানিয়েছিল। তবে ঠিক কোথায় বা কোন হামলায় এই সেনারা হতাহত হয়েছেন, সে বিষয়ে পেন্টাগনের তরফে স্পষ্ট কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

যুদ্ধের শুরু থেকেই হতাহতের সঠিক পরিসংখ্যান প্রকাশ নিয়ে পেন্টাগনের ভূমিকা বারবার সমালোচিত হয়েছে।

সম্প্রতি তাদের ড্যাশবোর্ড থেকে রহস্যজনকভাবে চারজন নিহত ও বেশ কিছু আহত সেনার নাম মুছে ফেলা হয়। পরে তীব্র সমালোচনার মুখে ‘কারিগরি ত্রুটি’র কারণ দেখিয়ে সেই তথ্য ফিরিয়ে আনা হয়। এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-ও দাবি করেছিল যে, জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে সামরিক প্রশাসন প্রকৃত তথ্য গোপন করার চেষ্টা করছে।

এই চরম উদ্বেগজনক পরিসংখ্যান এবং হরমুজ প্রণালিতে বজায় থাকা চূড়ান্ত উত্তেজনার মধ্যেই গত বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে পরিস্থিতি বর্তমানে চমৎকার এবং পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। যদিও থমকে থাকা কূটনৈতিক আলোচনা এবং যুদ্ধক্ষেত্রে হতাহতের ক্রমবর্ধমান সংখ্যা বাস্তব পরিস্থিতির ভিন্ন চিত্রই তুলে ধরছে।