পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের ক্ষেত্রে চিন ও পাকিস্তানের অবস্থান সম্পূর্ণ ভিন্ন মেরুতে বলে মন্তব্য করলেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভাণে। তাঁর মতে, পাকিস্তান থেকে তৈরি হওয়া সন্ত্রাসবাদের কারণে তাৎক্ষণিক মনোযোগ দিতে হলেও, দীর্ঘমেয়াদে কৌশলগত ও আন্তর্জাতিক মঞ্চে চিনের সঙ্গেই ভারতের প্রধান প্রতিযোগিতা হতে চলেছে।
 
বৃহস্পতিবার নিজের নতুন বই ‘দ্য কিউরিয়াস অ্যান্ড দ্য ক্লাসিফাইড: আনআর্থিং মিলিটারি মিথস অ্যান্ড মিস্ট্রিজ’-এর উন্মোচন অনুষ্ঠানে প্রতিরক্ষা ও প্রতিবেশী সম্পর্ক নিয়ে এই গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা জেনারেল নরাবণে।
 
চিন প্রসঙ্গে কথা বলতে গিয়ে নারাভাণে ‘শত্রু’ শব্দটির পরিবর্তে ‘প্রতিযোগী’ শব্দটি ব্যবহার করেন। তিনি জানান, পাকিস্তান ও চিন দুটি ভিন্ন ধরনের চ্যালেঞ্জ।

উভয় দেশের সঙ্গেই ভারত একাধিক যুদ্ধ লড়েছে এবং সীমান্ত বিতর্ক এখনও অমীমাংসিত। তবে চিন ভারত সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যের মতো একাধিক ক্ষেত্রে মূল প্রতিযোগী হিসেবে আবির্ভূত হবে। 
প্রাক্তন সেনাপ্রধান বলেন, "যেখানেই প্রতিযোগিতা থাকে, সেখানেই খানিকটা দ্বন্দ্ব বা সংঘাতের সৃষ্টি হয়। তবে বলপ্রয়োগ না করে কূটনৈতিক আলোচনা ও আলোচনার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করেই সেই সংঘাত মেটানো আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। আর জোরপূর্বক শক্তি প্রয়োগকে সবসময় শেষ বিকল্প হিসেবে দেখতে হবে।" একই সাথে যেকোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ বা অনুপ্রবেশ রুখতে ভারতীয় সামরিক বাহিনীর কঠোর ও বিশ্বাসযোগ্য প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।