পুবের কলম ওয়েব ডেস্ক: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শপথ নেওয়ার পরেই বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অভিনন্দন বার্তায় তিনি মির্জা ফখরুলকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ভারতের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, রাজনৈতিক নেতৃত্ব ও জনজীবনে ফখরুলের দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণে বিশেষভাবে কাজে আসবে।

পাশাপাশি, দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও অংশীদারত্ব আরও মজবুত করার কথাও ওই বার্তায় উল্লেখ করেছেন দ্রৌপদী মুর্মু। তিনি জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে আত্মত্যাগ, গভীর সাংস্কৃতিক মেলবন্ধন এবং বন্ধুত্বের এক অনন্য ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বর্তমান সময়ে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, যোগাযোগ, যুব উন্নয়ন এবং জ্বালানির মতো একাধিক ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। প্রতিবেশী দুই রাষ্ট্রের এই নিবিড় অংশীদারত্বকে আগামী দিনে আরও সুদৃঢ় করতে নতুন রাষ্ট্রপতির সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।