পার্টির কাজে দিল্লি যাওয়ার পথে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু। শুক্রবার কলকাতা থেকে বিমানে দিল্লি যাওয়ার সময় তিনি অসুস্থ বোধ করেন। পরে দিল্লির এইমসে তাঁকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
এইমস সূত্রে খবর, ৮৭ বছর বয়সি বিমান বসুর শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছিল। চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেওয়া হয়।
এর পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছে বামফ্রন্টের রাজ্য নেতৃত্ব।আরও পড়ুন:
দলীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে কলকাতা থেকে বিমানে দিল্লি যাচ্ছিলেন বিমান বসু। বিমানের মধ্যেই তিনি সামান্য অসুস্থতা অনুভব করেন। দিল্লি বিমানবন্দরে নামার পর তাঁকে সরাসরি দলের দিল্লির দফতর একে গোপালন ভবনে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসক তাঁকে পরীক্ষা করে শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকার বিষয়টি জানান এবং দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।আরও পড়ুন:
এর পর দলীয় কর্মীরা বিমান বসুকে দিল্লির এইমসে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে অক্সিজেন দেওয়ার সিদ্ধান্ত নেন। অক্সিজেন দেওয়ার পর তিনি কিছুটা স্বস্তি বোধ করেন। তবে বয়সের কথা মাথায় রেখে চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও সূত্রের খবর।আরও পড়ুন:
বিমান বসুর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হলেও বামফ্রন্টের রাজ্য নেতৃত্ব জানিয়েছে, তিনি বর্তমানে সুস্থ এবং স্থিতিশীল রয়েছেন। দলের তরফে বলা হয়েছে, মূলত রুটিন চেকআপ ও পর্যবেক্ষণের জন্যই তাঁকে এইমসে রাখা হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, প্রায় এক মাস আগেও দলীয় কাজে দিল্লি গিয়ে এইমসে রুটিন স্বাস্থ্যপরীক্ষা করিয়েছিলেন বিমান বসু। তখন তাঁর শারীরিক অবস্থায় কোনও অস্বাভাবিকতা পাওয়া যায়নি বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। চিকিৎসকেরাও তাঁকে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করানোর পরামর্শ দিয়েছিলেন।
আরও পড়ুন:
দীর্ঘ রাজনৈতিক জীবনে ৮৭ বছর বয়সেও বিমান বসু নিয়মিত দলীয় কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর দলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় স্বস্তি ফিরেছে বাম শিবিরে।