পুবের কলম ওয়েবডেস্ক, ইয়েমেন ও সোমালিয়ার উপকূলের কাছে মাত্র তিনদিনের ব্যবধানে দুটি বাণিজ্যিক জাহাজ দখল করেছে সশস্ত্র জলদস্যুরা। দুই জাহাজে মোট ২২ জন ভারতীয় নাবিক ছিলেন। সর্বশেষ খবর অনুযায়ী, তাঁদের সবাই নিরাপদে রয়েছেন। ভারতীয় বিদেশ মন্ত্রক ও কেনিয়ায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
আরও পড়ুন:
প্রথম ঘটনাটি ঘটে ১৭ আগস্ট।
সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের এয়েল এলাকার কাছে ক্যামেরুনের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এম/ভি লুতুফ-এ হামলা চালায় জলদস্যুরা। জাহাজটিতে মোট ১০ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ছয়জন ভারতীয়। খবর অনুযায়ী, আটজন সশস্ত্র জলদস্যু দুটি ছোট নৌকায় করে জাহাজটিতে ওঠে। তাঁদের হাতে এ কে-৪৭ ধরনের আগ্নেয়াস্ত্র ছিল। পরে জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে সোমালিয়ার নুগাল উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়।আরও পড়ুন:
এর তিনদিন পর, ২০ আগস্ট, দ্বিতীয় হামলাটি হয় এডেন উপসাগরে, ইয়েমেনের উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে। এরিত্রিয়ার পতাকাবাহী তেলবাহী জাহাজ এমটি সিবু ১-এ ছয়জন সশস্ত্র জলদস্যু উঠে জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। ওই জাহাজে মোট ২০ জন কর্মী ছিলেন, যার মধ্যে ১৬ জন ভারতীয়।
আরও পড়ুন:
ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, দুই জাহাজে থাকা মোট ২২ জন ভারতীয় নাবিকের নিরাপত্তা নিয়ে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সকলেই নিরাপদ রয়েছেন।
পরপর দুটি ঘটনায় সোমালিয়া ও এডেন উপসাগরের জলপথে ফের জলদস্যুদের তৎপরতা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।