পুবের কলম, ওয়েবডেস্ক: পরীক্ষা শুরুর ঠিক আগেই হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার জেরে রায়পুরের ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ের (IGKV) বিএসসি এগ্রিকালচার দ্বিতীয় বর্ষের একটি পরীক্ষা বাতিল করা হলো। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় এবং ঘটনার মূল কারণ অনুসন্ধানে একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ঘটনাটি ঘটে গত ২০ আগস্ট। বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সমস্ত কলেজে সকাল ১০টা থেকে ‘এগ্রিকালচারাল এন্টোমোলজি’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সকাল প্রায় ৯টা নাগাদ ডিন দফতরে একটি ইমেইল আসে, যেখানে প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

তবে সেই ইমেইলে প্রশ্নপত্রের কোনো কপি যুক্ত ছিল না।
 
ইমেইল পাওয়ার কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীদের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি প্রশ্নপত্র ঘুরতে শুরু করে এবং দাবি করা হয় যে এটিই আজকের পরীক্ষার প্রশ্ন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে জানায়, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া প্রশ্নপত্রটি আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু এক না হলেও, প্রায় ৭০ শতাংশ প্রশ্নের মিল পাওয়া গেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি পরীক্ষাটি বাতিল ঘোষণা করে। অধিভুক্ত কলেজগুলোতে পাঠানো অফিশিয়াল বিজ্ঞপ্তিতে "প্রশাসনিক কারণ" দেখিয়ে পরীক্ষা বাতিলের কথা জানানো হয় এবং বলা হয় যে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষাটি পুনরায় নেওয়া হবে।

 
ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটি রিপোর্ট জমা দেওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এই ঘটনার কথা স্বীকার করে জানান, রাজ্য সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। তিনি আশ্বস্ত করে বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই পরীক্ষা বাতিল করেছে এবং চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। পুরো ঘটনা খতিয়ে দেখে দোষী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"