বাংলার প্রত্যেককে 'বন্দে মাতরম' গাইতে হবে: জাতীয়তাবাদের সঙ্গে কোন আপোস নয়, বললেন শুভেন্দু অধিকারী
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক :
শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলায় বসবাসকারী প্রত্যেককে 'বন্দে মাতরম' গাইতে হবে এবং জাতীয়তাবাদের সঙ্গে কোনো আপোস হবে না।
নিজের ভবানীপুর নির্বাচনী এলাকায় অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধাভোগীদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তথাকথিত "দেশবিরোধী" শক্তির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন।তিনি বলেন,"বাংলায় থাকতে হলে 'বন্দে মাতরম' গাইতেই হবে। এই মুখ্যমন্ত্রী জাতীয়তাবাদ ও দেশপ্রেমের সঙ্গে কোন আপোস করবেন না।
অধিকারী অভিযোগ করেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, রাজ্য শিক্ষা দপ্তরকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসাতে দেওয়া হয়নি।
তিনি বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরম গাওয়া এবং প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনের বিরোধিতা করার জন্য 'টুকড়ে-টুকড়ে গ্যাং' ও 'জিহাদি' শক্তিকে অভিযুক্ত করেছেন।
অধিকারী বলেন,"গণমাধ্যমের একাংশ দেশদ্রোহীদের সমর্থনে যা-ই লিখুক না কেন, আমরা যাদবপুরের ভেতরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করব। "
মুখ্যমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণের জন্যই তাঁর সরকার গঠিত হয়েছে এবং তিনি জোর দিয়ে বলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবশ্যই জাতীয়তাবাদ, ভারতীয় ও ‘সনাতন’ সংস্কৃতির প্রতিফলন ঘটাতে হবে।
তিনি বাম দলগুলোকেও নিশানা করেছেন, তাদের নেতাদের 'লাল বাবু' বলে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন যে চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থীরা নির্বাচনী জামানত হারিয়েছেন।