পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘদিনের পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে দার্জিলিংয়ে এক গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হল। উত্তরবঙ্গ সফরে এসে শনিবার এই বিশেষ বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে পালাবদলের পর এই প্রথম পাহাড়ের উন্নয়ন নিয়ে এমন ত্রিপাক্ষিক বৈঠক হল, যেখানে রাজ্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং গোর্খা নেতা বিমল গুরুং ও রোশন গিরি।

বৈঠকে পাহাড়ের ভবিষ্যৎ ও উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনার পর একটি ‘শাহী নকশা’ বা রূপরেখা প্রস্তুত করা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পাহাড়ের সমস্যা সমাধানের জন্য একটি স্থায়ী কমিটি গঠন করা হবে। এই কমিটির শীর্ষে থাকবেন প্রাক্তন আইপিএস আধিকারিক তথা বিএসএফের প্রাক্তন ডিজি পঙ্কজকুমার সিং। এদিনের বৈঠকেও তিনি মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন।

তবে নতুন এই কমিটিতে মোট কতজন সদস্য থাকবেন বা কারা থাকবেন, তা এখনও জানা যায়নি।

এদিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্টভাবে জানান যে, পাহাড়ের যাবতীয় সমস্যার সমাধান সাংবিধানিক পথেই হবে। পাহাড়ের সার্বিক উন্নয়ন নিয়ে আগামী দিনে নিয়মিত পর্যালোচনা বৈঠক করবেন বলেও তিনি আশ্বাস দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সাংবিধানিক সমাধানের প্রস্তাবে পূর্ণ সম্মতি জানিয়েছেন বিমল গুরুং এবং রোশন গিরিরা। পাশাপাশি, আগামী দিনে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) মাধ্যমে পাহাড়ের আরও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও বৈঠকে স্থির হয়েছে।