পুবের কলম ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের খাড়াই পাহাড়ে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। আইফোনের কিস্তির টাকা মেটানোকে কেন্দ্র করে পরিবারের মধ্যে শুরু হওয়া বিবাদের জেরে অকালে প্রাণ হারালেন বাবা, মা এবং তাঁদের আঠারো বছর বয়সি ছেলে। চোখের সামনে ছেলেকে পাহাড় থেকে ঝাঁপ দিতে দেখে তাঁকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল বাবা ও মায়ের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণের নাম কুণাল (১৮)। সম্প্রতি সে একটি আইফোন কিনেছিল।

কিন্তু সেই ফোনের মাসিক কিস্তি দেওয়ার মতো আর্থিক সামর্থ্য তার বাবার ছিল না। এই বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই কুণালের সঙ্গে তার বাবা-মায়ের তুমুল অশান্তি চলছিল। কুণাল হুমকি দেয়, কিস্তির টাকা না দিলে সে বাড়ি ছেড়ে চলে যাবে। শুক্রবার সকালে সেই বিবাদ চরম আকার ধারণ করে এবং রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে যায় কুণাল।

ছেলেকে আটকাতে বাবা-মা তার পিছু নেন।

কুণাল সোজা মহারাষ্ট্রের তিসগাঁও এলাকার খাভদা পাহাড়ের একেবারে কিনারায় গিয়ে দাঁড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পঞ্চায়েত প্রধান ও অন্যান্য গ্রামবাসীরা। পুলিশেও খবর দেওয়া হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ধরে কুণালকে বোঝানোর চেষ্টা করেন সকলে। পঞ্চায়েত প্রধান মায়ের কথা ভেবে তাকে ফিরে আসার অনুরোধ করলেও কুণাল জানিয়ে দেয়, তার কাছে মৃত্যু ছাড়া আর কোনও উপায় নেই।

টানা বোঝানোর পরেও কাজ না হওয়ায় মরিয়া হয়ে কুণালের বাবা তাকে জোর করে টেনে সরিয়ে আনার চেষ্টা করেন। আর ঠিক সেই সময়েই দু'জনেই ভারসাম্য হারিয়ে খাড়াই পাহাড় থেকে গভীর খাদে পড়ে যান। স্বামী ও সন্তানকে চোখের সামনে খাদে পড়ে যেতে দেখে নিজেকে আর সামলাতে পারেননি কুণালের মা। তিনিও ছুটে গিয়ে ওই একই জায়গা থেকে নীচে ঝাঁপ দেন। একটি সামান্য ফোনকে কেন্দ্র করে একই পরিবারের তিন তরতাজা প্রাণের এই মর্মান্তিক পরিণতিতে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে।