পুবের কলম, ওয়েবডেস্ক: কেরালার বহুল চর্চিত পালোথাই পকসো মামলার ছ বছর পর এক বড় আইনি মোড় সামনে এলো। অভিযুক্ত প্রাক্তন স্থানীয় বিজেপি পঞ্চায়েত সভাপতি কে পদ্মরাজনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা স্থগিত রাখল হাইকোর্ট। একইসঙ্গে তাঁকে জামিন দিয়েছে আদালত। কেরালা হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, আসামিপক্ষের উত্থাপিত যুক্তিগুলি বেশ গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন।
প্রসঙ্গত, এর আগে নিম্ন আদালত পদ্মরাজনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি দুটি পকসো ধারায় আরও ২০ বছর করে মোট ৪০ বছরের সাজার রায় ঘোষণা করা হয়েছিল। নিম্ন আদালতের সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে কারাদণ্ড স্থগিত ও জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন পদ্মরাজন।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে এক ৯ বছর বয়সী শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠলে পানুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং পদ্মরাজনকে গ্রেপ্তার করে। তবে তদন্তের প্রাথমিক পর্যায়ে পকসো ধারা বাদ দেওয়া হলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। জনরোষ ও রাজনৈতিক চাপের মুখে কেরালার ততকালীণ বিজয়ন সরকার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করতে বাধ্য হয়। তদন্তের সময় স্কুলের শৌচাগার থেকে পাওয়া রক্তের দাগকে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে চিহ্নিত করা হয়। আদালতের বিচার শুরু হওয়ার আগে পর্যন্ত এই মামলার তদন্ত মোট পাঁচবার হাতবদল হয়েছিল।