পুবের কলম ওয়েব ডেস্ক: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে রাজ্যজুড়ে চলা বিক্ষোভের মাঝেই এল সুখবর। কথা রাখল শুভেন্দু অধিকারীর সরকার। যে সমস্ত মহিলাদের আবেদনের স্টেটাস এতদিন 'আন্ডার প্রসেস' দেখাচ্ছিল, তাঁদের আবেদন এবার ধাপে ধাপে অনুমোদিত হতে শুরু করেছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিশ্রুত তিন হাজার টাকাও ঢুকছে। প্রাথমিক ঘোষণায় গত ২০ তারিখের মধ্যে টাকা মেলার কথা থাকলেও, বৃহস্পতিবার ২২ তারিখেও বহু যোগ্য আবেদনকারী এই অনুদান পাচ্ছেন।
আরও পড়ুন:
সরকারি মহল থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে, বিপুল সংখ্যক আবেদনের কারণে তথ্য যাচাই করতে কিছুটা বেশি সময় লাগছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, চলতি মাসের শেষ পর্যন্ত এবং আগামী দিনেও এই যাচাই প্রক্রিয়া চলবে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে যোগ্য মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন। প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে, যার মধ্যে ১ কোটি ৬৬ লক্ষ যাচাই করা সম্ভব হয়েছে।
ইতিমধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। ১০ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জমা পড়া বাকি ১৪ লক্ষ আবেদনের যাচাইপর্ব বর্তমানে চলছে।আরও পড়ুন:
গত ২০ আগস্ট অন্নপূর্ণা যোজনার সিটিজেন পোর্টাল খোলার পর অনেকের স্টেটাসই 'আন্ডার প্রসেস' দেখা যায়, যা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। প্রশাসন স্পষ্ট করেছে যে, আবেদনের সত্যতা যাচাইয়ের জন্যই এমন দেখাচ্ছে। সমস্ত কিছু ঠিক থাকলে যোগ্য আবেদনকারীরা নিশ্চিতভাবে টাকা পেয়ে যাবেন এবং কাউকেই বাদ দেওয়া হবে না। তাই কোনওরকম গুজব বা প্ররোচনায় পা দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত না হওয়ার পরামর্শ দিয়েছে সরকার।