পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানের জয়পুর সংলগ্ন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদলের ওপর কথিত হামলার ঘটনায় এবার রাজস্থান জুড়ে ধর্না-বিক্ষোভের হুঁশিয়ারি দিলেন দলের প্রধান অভিজিৎ দিপকে। তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা না নিলে দিল্লিতে হওয়া ঐতিহাসিক আন্দোলনের মতো রাজস্থানেও বড় আকারের ধর্না শুরু করা হবে। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় দিপকে অভিযোগ করেন, সিজেপি নেতাদের ওপর অহেতুক চড়াও হওয়া হয়েছে এবং তাঁদের স্কুলে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।
সিজেপি-র সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা অভিযোগ তুলেছেন, জয়পুরের বগরু বিধানসভা ক্ষেত্রের রামপুরা কানওয়ারপুরা গ্রামে স্থানীয় বাসিন্দাদের পরিচয় দিয়ে কিছু দুষ্কৃতী রাস্তা অবরুদ্ধ করে তাঁদের আটকায়।
জানা যায়, বগরুর একটি স্কুলে পরিদর্শনে গিয়ে আশুতোষ রাঙ্কা নিজেই আক্রান্ত হন এবং তাঁর সাথে থাকা প্রতিনিধিদলের ওপর পাথর ছোড়া হয় বলে অভিযোগ। আহতদের জয়পুরের এসএমএস হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে যে গোয়ালঘরে স্কুল চলছিল, তার মালিক মান্না লাল জানান, স্কুলের জরাজীর্ণ অবস্থার কথা জানিয়ে তাঁরা আগেই রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। অন্যদিকে, স্থানীয় গ্রামবাসীরা বাইরের রাজনৈতিক দলের হস্তক্ষেপ মেনে নিতে অস্বীকার করেছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা জানান, স্থানীয় স্কুলের সংস্কারের জন্য সরকার ইতিমধ্যেই ১২.৫ লাখ টাকা অনুমোদন করেছে এবং গ্রামবাসী নিজ উদ্যোগে তা সংস্কার করতে সক্ষম। গ্রামে কোনো "বহিরাগত" প্রবেশের অনুমতি দেওয়া হবে না।