পুবের কলম ওয়েব ডেস্ক: উত্তরের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 'চিকেনস নেক' বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া অবস্থান নিয়েছে সরকার। এই বিষয়ে শনিবার শিলিগুড়িতে সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মেগা বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন এসএসবি, বিএসএফ এবং রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা।
আরও পড়ুন:
সম্প্রতি উত্তরবঙ্গ থেকে পাক গুপ্তচর সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, প্রতিবেশী নেপালে ভারত বিরোধী চক্রান্তের তথ্যও গোয়েন্দাদের হাতে এসেছে।
এই উদ্ভূত পরিস্থিতিতে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য সীমান্তে 'ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড' বা ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ আটকাতে দ্রুত অত্যাধুনিক স্মার্ট কাঁটাতারের বেড়া বসানোর পাশাপাশি বাহিনীর নজরদারি আরও নিখুঁত করার কড়া বার্তা দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। রাজ্যে সরকার বদলের পর সীমান্ত সুরক্ষায় বড়সড় পদক্ষেপ করা হয়েছে।আরও পড়ুন:
জানা গিয়েছে, নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র ৪৫ দিনের মধ্যে বাহিনীর হাতে ১,১২৯ একর জমি হস্তান্তর করা হয়েছে এবং আরও ২৯ একর জমির অনুমোদন দ্রুত সম্পন্ন হওয়ার পথে। এর আগে শুক্রবার শিলিগুড়ির রানিডাঙায় এসএসবি-র উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার সদর দপ্তরে ১৮৯ কোটি টাকা ব্যয়ে একাধিক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অমিত শাহ। এছাড়া, রাজ্যে ১০টি নতুন বর্ডার আউটপোস্ট তৈরির কথাও ঘোষণা করা হয়েছে, যার মধ্যে দু'টি তৈরি হবে উত্তরবঙ্গে।