পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে ইতিমধ্যেই ১ কোটি ৪৫ লক্ষ মানুষ অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। তবে যে সমস্ত উপভোক্তারা এখনও এই প্রকল্পের টাকা পাননি, তাঁদের জন্য 'ক্লেম' বা আবেদন করার বিশেষ সুযোগ রয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই ক্লেম করার পর তথ্য যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলেই সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অগস্ট মাসেই ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে।
এর আগে জুন মাসে ২৮ লক্ষ মহিলা এই অনুদান পেয়েছিলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এই আশ্বাসও দিয়েছেন যে, প্রকৃত প্রাপক এবং ভাতার উপর নির্ভরশীল আরও ২০ থেকে ৩০ লক্ষ যোগ্য মহিলাকে প্রয়োজনে এই সুবিধার আওতায় আনা হবে।আরও পড়ুন:
এদিন পূর্বতন সরকারের 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ২০২১ সালে মাত্র ৫০০ টাকা দিতে দীর্ঘ সময় লাগানো হয়েছিল।
এরপর ২০২৪ সালের লোকসভা ভোটের ঠিক আগে তা বাড়িয়ে ১০০০ টাকা এবং বিধানসভা নির্বাচনের মাত্র তিন মাস আগে তা ১৫০০ টাকা করা হয়। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তিনি আরও জানান, অতীতে যেসব এলাকায় বিজেপি জয়লাভ করেছিল, সেখানকার মহিলাদের এই লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বঞ্চিত করা হয়েছিল।আরও পড়ুন:
বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট করে বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানান যে, নির্বাচনে পরাজিত তৃণমূলের ধমক-চমক, সোশ্যাল মিডিয়ায় রিলস বানানো, মিডিয়া ট্রায়াল বা রাস্তায় সামান্য কিছু লোক নামিয়ে রাজনীতি করার কৌশল আর কাজে আসবে না। মুখ্যমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় আশ্বাস দিয়েছেন, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে যোগ্য প্রত্যেকেই তাঁদের হকের টাকা পাবেন এবং কাউকেই এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হবে না।