পুবের কলম ওয়েব ডেস্ক: আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে 'অন্নপূর্ণা দিবস' পালনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এই বিশেষ দিনে রাজ্যের প্রতিটি জেলায় অন্নপূর্ণা যোজনার প্রাপকরা একত্রিত হবেন। পাশাপাশি কলকাতাতেও এক লক্ষ উপভোক্তাকে নিয়ে বিশাল সভার মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হবে।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রায় ১৭ হাজার যোগ্য প্রাপকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা করে পৌঁছে গিয়েছে। যাঁরা এখনও এই সুবিধা পাননি অথচ গত ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, তাঁদের দ্রুত পোর্টালে নাম নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।
পোর্টাল ব্যবহারে কারও সমস্যা হলে দলের বিধায়ক, মণ্ডল, মহিলা মোর্চা বা ওয়ার্ড স্তরের কর্মীরা বাড়ি গিয়ে সাহায্য করবেন বলেও তিনি আশ্বস্ত করেছেন। কোনও যোগ্য প্রাপকই যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হন, তার সম্পূর্ণ নিশ্চয়তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
এর পাশাপাশি মহিলাদের সুরক্ষা ও অধিকার রক্ষায় উত্তর কলকাতার ৬০টি ওয়ার্ডে একটি বিশেষ 'অন্নপূর্ণা যোজনা বাহিনী' গঠনের কথাও জানান শুভেন্দু অধিকারী। তিনি জানান, মাতঙ্গিনী হাজরা, রানি রাসমণি বা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো বীরাঙ্গনাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই বাহিনী মহিলাদের ওপর হওয়া যে কোনও অবিচারের প্রতিবাদ করবে। একইসঙ্গে যারা ভারতীয় সংস্কৃতি ও জাতীয়তাবাদে আঘাত হেনে দেশকে দুর্বল করতে চায়, সেই সব দেশবিরোধী শক্তির বিরুদ্ধেও এই নারী বাহিনী কড়া প্রতিরোধ গড়ে তুলবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন।