পুবের কলম, ওয়েবডেস্ক: ইএমআই-তে আইফোন কেনার কারণে কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছে—এমন একটি ঘটনা দেখেই পুরো ব্যবস্থাটিকে ঋণফাঁদ বলে দেওয়া যায় না। তবে সাম্প্রতিক সময়ে নামী দামী গ্যাজেট কেনার ঋণ শুধতে না পেরে মর্মান্তিক পরিণতির ঘটনা একাধিকবার সামনে আসছে। বিশেষ করে তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’-র মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। সম্প্রতি মহারাষ্ট্রে আইফোনের ইএমআই মেটানো নিয়ে পারিবারিক কলহের জেরে পাহাড় থেকে নিচে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনা সেই আশঙ্কাজনক সত্যকেই আবার সামনে এনে দাঁড় করাল।


 
ঘটনাটি ঘটে ১৯ বছর বয়সী তরুণ কুণাল চান্দগুড়েকে কেন্দ্র করে। কিস্তিতে একটি আইফোন কিনেছিলেন কুণাল। কিন্তু সেই কিস্তির টাকা মেটানোর সামর্থ্য তাঁর ছিল না। সম্প্রতি পরবর্তী কিস্তি পরিশোধের টাকা নিয়ে মা-বাবার সঙ্গে বচসা শুরু হয় তাঁর।
ঝগড়ার একপর্যায়ে কুণাল বাড়ি থেকে দৌড়ে বের হয়ে কাছের একটি পাহাড়ের প্রান্তে চলে যান।
 
দীর্ঘ তিন ঘণ্টা ধরে তাকে বোঝানোর চেষ্টা চলে। কিন্তু শেষ মুহূর্তে কুণালকে শক্ত করে ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যান তাঁর ৪৮ বছর বয়সী বাবা মুরলীধর চান্দগুড়ে, যিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন। মা সঙ্গীতা দেবী চোখের সামনে স্বামীকে পড়ে যেতে দেখে তীব্র মানসিক আঘাতে সঙ্গে সঙ্গে পাহাড় থেকে লাফ দেন। ঘটনার আকস্মিকতায় মৃত্যু হয় কুণালেরও। উচ্চাকাঙ্ক্ষা ও ঋণের চাপ কতটা নির্মম রূপ নিতে পারে, এই ঘটনা তার এক চরম উদাহরণ।