শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রবিবার ভোরে আঘাত হানা ৫.৯ মাত্রার ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ৩০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানী টোকিও-সহ জাপানের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইবারাকি জেলার ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

শক্তিশালী কম্পনের জেরে ঘুমন্ত অবস্থায় বহু মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পের কারণে কোনও সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর।

ভূমিকম্পের প্রভাবে টোকিও-সহ দেশের বিভিন্ন অঞ্চলের রেল পরিষেবায় প্রভাব পড়েছে। রেল নেটওয়ার্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিষেবা ব্যাহত হয়। রাজধানীর কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

ক্ষতিগ্রস্ত পরিকাঠামো দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে।

ভূমিকম্পের পর পরিস্থিতির উপর নজর রাখতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দপ্তর থেকে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। দলটি বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতির খবর সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কাজ করছে।

ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে এর আগেও একাধিক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত মাসে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুর কুমামতো এলাকায় ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই ঘটনায় ৩৮ জনের মৃত্যু এবং ৩৬৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।