অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মালদহের গাজলের এক মহিলা আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের অভিযোগ। সেই ঘটনাকে ঘিরে যখন রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে, তখনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, রাজ্যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করেই আত্মহত্যার ঘটনা ঘটছে। তাই কে, কেন আত্মহত্যা করছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।
পরিবারের দাবি, গাজলের বাচাহার গ্রামের বাসিন্দা তিরিশের কোঠার অনীতা খাতুন শনিবার দুপুরে আত্মঘাতী হন।
ঘটনাটি সামনে আসার পরই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এর মধ্যেই রবিবার সকালে খড়্গপুরের বোগদায় প্রাতর্ভ্রমণ শেষে চা-চক্রে যোগ দেন মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখানে সব কিছুতেই আত্মহত্যার ঘটনা। ভোটার লিস্টে নাম না থাকলেও আত্মঘাতী, এসআইআর-এ নাম না থাকলেও আত্মঘাতী। কে কেন আত্মঘাতী হচ্ছেন, একটু খতিয়ে দেখুন।”
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার সঙ্গে অনীতার আত্মহত্যার সরাসরি কোনও সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। পরিবারের অভিযোগের ভিত্তিতেই বিষয়টি সামনে এসেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দিকেই এখন নজর রয়েছে।