আয়ারল্যান্ডে ৪৪০ একর জমিসহ ঐতিহাসিক স্ট্রানক্যালি ক্যাসেল কিনেছেন মেটার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। কাউন্টি ওয়াটারফোর্ডে অবস্থিত গথিক স্থাপত্যশৈলীর এই প্রাসাদটি জাকারবার্গ পরিবার আয়ারল্যান্ডে অবস্থানের সময় পারিবারিক আবাস হিসেবে ব্যবহার করবেন বলে জানা গেছে। দেশটিতেই মেটার আন্তর্জাতিক সদর দপ্তর রয়েছে।
আরও পড়ুন:
প্রাসাদটির সঠিক ক্রয়মূল্য প্রকাশ করা হয়নি।
তবে আইরিশ টাইমস-এর হিসাব অনুযায়ী, স্ট্রানক্যালি ক্যাসেল ও এর ১৭৮ হেক্টর বা প্রায় ৪৪০ একর জমির মূল্য ২ কোটি থেকে ৩ কোটি ইউরোর মধ্যে হতে পারে।আরও পড়ুন:
ঐতিহাসিক এই প্রাসাদটি ১৮৩০ সালে সাবেক কনজারভেটিভ এমপি জন কেইলির জন্য নির্মাণ করা হয়েছিল। স্থপতি জেমস ও জর্জ রিচার্ড পেইনের নকশায় তৈরি বিশাল এই প্রাসাদের স্থাপত্য ও অভ্যন্তরীণ পরিসরও বেশ চমকপ্রদ। দ্য হাউসেস অব আয়ারল্যান্ড বইয়ে উল্লেখ করা হয়েছে, ডাইনিং রুম থেকে রান্নাঘরে দ্রুত হাঁটলেও পৌঁছতে প্রায় সাড়ে চার মিনিট সময় লাগে।
আরও পড়ুন:
জাকারবার্গের এক মুখপাত্র জানিয়েছেন, ঐতিহাসিক বাড়িটির যত্ন ও রক্ষণাবেক্ষণ অব্যাহত রাখতে পেরে মার্ক জাকারবার্গ ও তাঁর পরিবার আনন্দিত। আয়ারল্যান্ডে সময় কাটানোর জন্য তাঁরা অপেক্ষা করছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন:
এর আগে লন্ডনভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান আরএবি ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা মাইকেল অ্যালেন-বাকলি ও তাঁর স্ত্রী জিয়ানকার্লা ২০০০-এর দশকের শুরুতে স্ট্রানক্যালি এস্টেটটি কিনেছিলেন। তাঁরা প্রায় ২৫ বছর ধরে প্রাসাদটির সংস্কার ও রক্ষণাবেক্ষণের পর এবার সেটি জাকারবার্গ পরিবারের কাছে বিক্রি করেছেন।
আরও পড়ুন:
সাবেক মালিকেরা এক বিবৃতিতে জানান, স্ট্রানক্যালি ক্যাসেল সংরক্ষণ ও পুনরুদ্ধারের সুযোগ পেয়ে তাঁরা কৃতজ্ঞ। নতুন মালিকরাও টেকসই উপায়ে ঐতিহাসিক সম্পত্তি এবং আশপাশের এলাকার রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে বিনিয়োগ করবেন বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
আয়ারল্যান্ডের ন্যাশনাল বিল্ট হেরিটেজ সার্ভিসও স্ট্রানক্যালি ক্যাসেলের স্থাপত্যশৈলী ও পাথরের কারুকাজের উচ্চমানের প্রশংসা করেছে। ঐতিহাসিক ব্ল্যাকওয়াটার উপত্যকায় আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রাসাদ ও এস্টেট রয়েছে। এর মধ্যে প্রযুক্তি ও ব্যবসা জগতের আরও কয়েকজন ধনকুবেরের সম্পত্তিও রয়েছে। উদ্যোক্তা জেমস ডাইসন ২০২৪ সালে ব্যালিনাট্রে হাউজ এবং স্ট্রাইপের সহপ্রতিষ্ঠাতা জন কলিসন ২০২১ সালে কাউন্টি লাওসের অ্যাবে লেইক্স এস্টেট কিনেছিলেন।