পুবের কলম ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়িয়ে আগামী ১২ নভেম্বর দিল্লির যন্তর মন্তরে অনশনে বসতে চলেছেন আধাসেনার অবসরপ্রাপ্ত জওয়ানরা। 'এক্স প্যারামিলিটারি ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'-এর তরফে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। মূলত পুরনো পেনশন ব্যবস্থা (ওপিএস) ফেরানো এবং গত ৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া 'সিএপিএফ (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) আইন, ২০২৬' বাতিলের দাবিতে এই আন্দোলন।
আরও পড়ুন:
সংগঠনের প্রধান রণবীর সিং নতুন সিএপিএফ আইনটিকে 'কালো আইন' বলে আখ্যা দিয়েছেন।
তাঁর অভিযোগ, এই আইনের ফলে সিআরপিএফ, সিআইএসএফ-সহ কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদে আইপিএস আধিকারিকদের নিয়োগ আইনি স্বীকৃতি পেল। নতুন নিয়ম অনুযায়ী, আইজি, এডিজি এবং ডিজি-র মতো শীর্ষ পদগুলিতে ডেপুটেশনে আসা আইপিএস আধিকারিকদের জন্য সিংহভাগ আসন সংরক্ষিত থাকবে। ফলে আধাসেনার নিজস্ব ক্যাডারের আধিকারিকদের পদোন্নতির রাস্তা কার্যত বন্ধ হয়ে যাবে। গত বছর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যাতে আধা সামরিক বাহিনীতে আইপিএস আধিকারিকদের ডেপুটেশন ধাপে ধাপে কমানো হয়। কিন্তু প্রাক্তন জওয়ানদের অভিযোগ, শীর্ষ আদালতের সেই নির্দেশ কার্যকর না করেই সরকার এই নতুন আইন পাশ করে আইপিএস আধিকারিকদের একাধিপত্য কায়েম করেছে।আরও পড়ুন:
সংগঠনের দাবি, নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার চেয়ে ডেপুটেশনে আসা আমলাদের বেশি গুরুত্ব দেওয়া হলে বাহিনীর কর্মীদের পক্ষে আত্মসম্মান নিয়ে কাজ করা কঠিন। এই বিতর্কিত আইন বাতিলের দাবিতে আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের তরফে কোনও ইতিবাচক সাড়া না মেলায় বাধ্য হয়েই আগামী ১২ নভেম্বর থেকে যন্তর মন্তরে অনশন আন্দোলনের পথ বেছে নিয়েছেন আধাসেনার অবসরপ্রাপ্ত কর্মীরা।