পুবের কলম, ওয়েবডেস্ক: সীমান্তপার জঙ্গি ষড়যন্ত্র এবং ভারতে অনুপ্রবেশকারী জঙ্গিদের নেটওয়ার্ক উপড়ে ফেলতে কাশ্মীর উপত্যকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শনিবার সকাল থেকেই উপত্যকার মোট ১০টি পৃথক স্থানে একযোগে অভিযান পরিচালনা করে কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থাটি।
এনআইএ সূত্রের খবর, শ্রীনগর, কুপওয়ারা, অনন্তনাগ, পুলওয়ামা এবং বডগাম—এই পাঁচ জেলার একাধিক জায়গায় এই তল্লাশি চালানো হয়। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি মাথার নির্দেশে স্থানীয় 'ওভার গ্রাউন্ড ওয়ার্কার' নেটওয়ার্ক কীভাবে কাজ করছে, তা খতিয়ে দেখতেই এই যৌথ পদক্ষেপ। গোয়েন্দা সংস্থাটির তরফে জানানো হয়েছে, সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিদের অস্ত্র প্রদান, আত্মগোপনের ডেরা প্রস্তুত এবং লজিস্টিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে যুক্ত স্থানীয় ওভার গ্রাউন্ড ওয়ার্কারদের ভূমিকা স্পষ্ট করাই এই অভিযানের অন্যতম লক্ষ্য।
শনিবার সকালের এই তল্লাশি অভিযানে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত করা হয়েছে। ষড়যন্ত্রের শিকড় কতদূর ছড়িয়ে রয়েছে তা চিহ্নিত করতে ল্যাপটপ, মোবাইল ও বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। স্থানীয় পর্যায়ের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের নাম ও অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তের ওপার থেকে জঙ্গি অনুপ্রবেশ ও দেশবিরোধী কার্যকলাপ রুখতে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের সহায়তায় এনআইএ আধিকারিকরা উদ্ধার করা নথিপত্র এবং ডিজিটাল তথ্যপ্রমাণ যাচাইয়ের কাজ শুরু করেছেন।