পুবের কলম ওয়েব ডেস্ক: ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে টানাপোড়েন ক্রমশ বাড়ছে। বাংলাদেশে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং তাঁকে ফেরানোর জন্য ক্রমাগত ভারতের কাছে আবেদন জানাচ্ছে ঢাকা। এই পরিস্থিতির মাঝেই শনিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর জানান, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক সফল করতে গেলে পারস্পরিক স্বার্থরক্ষার দিকে নজর দিতে হবে। সম্পর্ক যাতে দু'পক্ষের জন্যই ফলপ্রসূ হয়, তা নিশ্চিত করা জরুরি।
তিনি স্পষ্ট করেন, ভারত প্রতিবেশীদের স্বার্থকে যেমন সম্মান করে, তেমনই তাদের থেকেও একই রকম আচরণ প্রত্যাশা করে।আরও পড়ুন:
এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরের জল্পনা খারিজ করেছে ঢাকা। সে দেশের বিদেশমন্ত্রকের আধিকারিক এ কে এম শহিদুল করিম জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য এখন উপযুক্ত পরিবেশ নেই। তাই শেখ হাসিনার পাশাপাশি ওসমান হাদি খুনে অভিযুক্ত দু'জনকেও দ্রুত প্রত্যর্পণের দাবি জানিয়েছে বাংলাদেশ।
ঢাকা চাইছে, এই বিষয়ে ভারত দ্রুত নিজেদের সিদ্ধান্ত জানাক।আরও পড়ুন:
উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে ভারতে আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। তবে গত ৫ আগস্ট দিল্লি থেকে এক ভারচুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, মৃত্যু পরোয়ানা মাথায় নিয়েই আগামী ডিসেম্বর মাসে তিনি স্বদেশে ফিরবেন। সূত্রের খবর, হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতই নেবে। তবে এই গোটা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই দুই দেশের শীর্ষ স্তরে আলোচনা শুরু হয়েছে।