পুবের কলম ওয়েব ডেস্ক: খড়্গপুরে মাফিয়া ও গুন্ডারাজ রুখতে এবার কড়া অবস্থান নিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার খড়্গপুরে বিজেপির একটি নতুন কার্যালয় উদ্বোধন করতে গিয়ে তিনি রীতিমতো হুঁশিয়ারির সুরে জানান, দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখতে প্রয়োজনে বারুইপুরের মতো খড়্গপুরেও 'এনকাউন্টার' হতে পারে।
আরও পড়ুন:
এদিন মন্ত্রী স্পষ্ট জানান, খড়্গপুরে আর কোনও মাফিয়াগিরি বা গুন্ডামি বরদাস্ত করা হবে না। পুলিশের তরফে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে যে, আগামী পুজোর আগেই শহরে পুরোপুরি শান্তি ফিরবে।
দুষ্কৃতীদের রুখতে পুলিশকে সবরকম স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। দিলীপ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে পুলিশকে ট্রিগার চাপারও ছাড়পত্র দেওয়া আছে। পাশাপাশি শহরে চুরি ও অসামাজিক কাজের সঙ্গে যুক্ত নেশাগ্রস্তদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে পুলিশ এমন প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করেছে। তিনি সতর্ক করে বলেন, যারা নিজেদের সংশোধন করবে না, তাদের জেলেই থাকতে হবে।আরও পড়ুন:
বিগত কয়েক বছর ধরে খড়্গপুরে সাধারণ মানুষের ওপর হওয়া অত্যাচার ও গুন্ডারাজের পিছনে তৃণমূল নেতাদের মদত ছিল বলে অভিযোগ করেন দিলীপ। তাঁর মতে, একসময় পুলিশ সব জেনেও নিষ্ক্রিয় থাকত, যার ফলে ব্যবসায়ীরাও আতঙ্কে থাকতেন। কিন্তু সাধারণ মানুষ শান্তির আশায় বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছেন, তাই সেই শান্তি ফেরানোই এখন তাঁর প্রধান লক্ষ্য। পরিস্থিতি শান্ত করতে গুন্ডাদের দাপাদাপির চেয়ে পুলিশের এই কড়া পদক্ষেপকেই তিনি বেশি সমর্থনযোগ্য বলে মনে করেন।