পুবের কলম ওয়েব ডেস্ক: সোমবার সন্ধ্যায় নবান্নে এক সাংবাদিক বৈঠক থেকে রাজ্যে গুন্ডাদমন আইনের একাংশ কার্যকর হওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সরকারি সম্পত্তি নষ্ট করলে কাউকেই রেয়াত করা হবে না। গুন্ডামুক্ত বাংলা গড়তে জুলাই মাসের বিধানসভা অধিবেশনে জোড়া বিল— ‘গুন্ডাদমন বিল’ এবং ‘পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল’ পাশ করিয়েছিল রাজ্য সরকার। সেই বিলে রাজ্যপাল স্বাক্ষর করার পরেই সোমবার থেকে এর একটি অংশ বলবৎ করা হল।

নতুন এই আইন অনুযায়ী, সরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তদের থেকে ক্ষতিপূরণ বাবদ সুদ-সমেত তিন গুণ টাকা আদায় করা হবে।

পাশাপাশি, পুলিশের গায়ে হাত তুললেও দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন। উল্লেখ্য, পূর্বতন তৃণমূল সরকারের আমলে সিএএ-বিরোধী আন্দোলনের সময় মুর্শিদাবাদ ও হাওড়ার সাঁকরাইল-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রেন বা বাস পোড়ানো এবং পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার যাতে আর কোনওদিন পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতেই পুলিশ-প্রশাসনকে কড়া প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলার পাশাপাশি এদিন নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়েও বড়সড় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি জানিয়েছেন, বাংলাদেশ থেকে আগত মতুয়া-সহ সমস্ত হিন্দু শরণার্থীদের দ্রুত নাগরিকত্ব প্রদান করা হবে। খুব শীঘ্রই তাঁদের হাতে সিএএ সার্টিফিকেট তুলে দেওয়ার কাজ শুরু হবে বলেও তিনি এদিন নবান্ন থেকে নিশ্চিত করেছেন।