পুবের কলম ওয়েব ডেস্ক: ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবল চাপের মুখে পড়ে রাজ্যের সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে বড়সড় পদক্ষেপ করল রাজস্থান সরকার। আসন্ন পুরসভা নির্বাচনের ঠিক আগেই মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ঘোষণা করেছেন, আগামী তিন বছরে সরকারি স্কুলগুলির সামগ্রিক মানোন্নয়নে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয় করা হবে।

সরকারের নতুন কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী তিন বছরে ৩,৫৮৭টি নতুন স্কুলভবন তৈরি করতে ২,৪৮৭ কোটি ৭০ লক্ষ টাকা খরচ করা হবে। পাশাপাশি, ৮৩,৭৮৩টি নতুন শ্রেণিকক্ষ নির্মাণে ৮,৩৭৮ কোটি ৩০ লক্ষ টাকা এবং ২২,৫৮৯টি স্কুল মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ১,১২৯ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

পড়ুয়াদের সুবিধার্থে ৩৪০ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ১৩ হাজারেরও বেশি শৌচালয় তৈরি করার পরিকল্পনাও নিয়েছে সরকার।

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর থেকে রাজস্থানে পুরভোট শুরু হচ্ছে। তার আগে সিজেপি-র ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি ঘিরে রাজ্য রাজনীতি বেশ উত্তপ্ত। সম্প্রতি সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা স্কুল পরিদর্শনে গিয়ে বাধার মুখে পড়েন।

অন্যদিকে বিধানসভায় কংগ্রেসও পরিকাঠামো নিয়ে সরব হয়। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের ৬১১টি স্কুলের নিজস্ব কোনও ভবন নেই, দু’হাজারের বেশি স্কুলে শৌচালয় নেই এবং এক হাজারেরও বেশি স্কুলে পানীয় জলের কোনও ব্যবস্থা নেই। যদিও এই বেহাল দশার জন্য পূর্বতন কংগ্রেস সরকারকেই দায়ী করেছে বর্তমান বিজেপি সরকার। তবে বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে পড়ে পুরভোটের ঠিক আগে স্কুল সংস্কারে এই বিপুল অর্থ বরাদ্দের ঘোষণাকে শাসকদলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কৌশল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।