পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য সফরের আগে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনে বড় পদক্ষেপ নিল নয়াদিল্লি ও বেজিং। ভারত ও চিনের দীর্ঘদিনের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করতে সোমবার বেজিং পৌঁছচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী তথা সেদেশের বিশেষ প্রতিনিধি ওয়াং ইর সঙ্গে বৈঠক করবেন।
 
মঙ্গলবার দুই দেশের বিশেষ প্রতিনিধিদের মধ্যে ২৫তম পর্বের সীমান্ত বৈঠকটি অনুষ্ঠিত হতে চলেছে।

২০০৩ সালে ভারত ও চীনের মধ্যে চলা দীর্ঘদিনের সীমান্ত বিরোধ সমাধানের লক্ষ্যে সর্বাঙ্গীন আলোচনার জন্য এই 'বিশেষ প্রতিনিধি পরিকাঠামো' গঠন করা হয়েছিল। অজিত ডোভাল ও ওয়াং ই উভয়ই নিজ নিজ দেশের জন্য নির্ধারিত বিশেষ প্রতিনিধি হিসেবে এই বৈঠকের প্রতিনিধিত্ব করবেন।
 
গত জুন মাসের শেষ সপ্তাহে ব্রিকস দেশগুলোর এনএসএ বৈঠকে অংশ নিতে ভারতে এসেছিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। সেই সফরের ফাঁকেই ডোভালের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন তিনি। উক্ত বৈঠকে বিদেশমন্ত্রী ওয়াং ই জোর দিয়ে বলেছিলেন, ভারত ও চিনের উচিত একে অপরের "মূল স্বার্থ"-কে সম্মান জানানো।