পুবের কলম ওয়েব ডেস্ক: গবাদিপশুর মৃত্যু ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় আগামী কয়েক মাসের মধ্যেই খাদ্যসংকটে পড়ার ঝুঁকিতে রয়েছে ব্রিটেন। কৃষকদের সংগঠনগুলো বলছে, আগামী বছরের ফসল উৎপাদনের জন্য এখনই সরকারি সহায়তা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ১৯৮৪ সালের পর এবারই ফসলের উৎপাদন সবচেয়ে খারাপ হয়েছে। একই সময়ে গবাদিপশুর মৃত্যুও বেড়েছে। ফলে অনেক কৃষকের কাছেই আগামী বছরের ফসল চাষের জন্য প্রয়োজনীয় অর্থ নেই।

শুক্রবার একাধিক কৃষি সংগঠন জানায়, তারা এখন ‘সংকটের পর্যায়ে’ রয়েছেন এবং সরকারি সহায়তা প্রত্যাশা করছেন। বৃষ্টি অনেক দেরিতে আসায় ফসলের উৎপাদন কমে গেছে। অন্যদিকে গবাদিপশু পালনকারীরাও দেশে নতুন করে ছড়িয়ে পড়া ব্লুটাং রোগের ভয়াবহ প্রাদুর্ভাব মোকাবিলা করছেন। বর্তমানে প্রতি টন সারের দাম ৪৬০ পাউন্ড। এই সার হরমুজ প্রণালি দিয়ে আমদানি করা হয়। ইরানে যুদ্ধের কারণে সরবরাহে চাপ তৈরি হওয়ায় দাম বেড়েছে।